মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে সংকটের মধ্যে এবার মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল এল চট্টগ্রাম বন্দরে। ডিজেল নিয়ে তেল ট্যাঙ্কার এমটি শান গ্যাং ফা জিয়ান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে সকালে। এই জ্বালানির চালানটি বন্দরের বহির্নোঙরে সকালে পৌঁছে বিকেলে কর্ণফুলীর ডলফিন জেটিতে খালাসের জন্য আনা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকাল থেকে ডিজেল খালাস কার্যক্রম চলছে।
জ্বালানি তেল আমদানি ও সরবরাহের কাজটি করে সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বিপিসির সচিব শাহিনা সুলতানা বলেন, সরকার টু সরকার (জিটুজি) এর মাধ্যমে জ্বালানী আমদানি অব্যাহত রেখেছে বিপিসি। মালয়েশিয়া থেকে আসা জাহাজটি সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড সরাসরি ডিজেল সংগ্রহ করে বাংলাদেশে সরবরাহ করছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানী তেলে গুরুত্বসহকারে নিরাপদ নোঙর করা হয়েছে জাহাজটি। খালাস কার্যক্রমও শুরু হয়েছে। চীনের পতাকাবাহী ১৮৫ মিটার লম্বা ও ৩২ মিটার প্রস্থের শান গ্যাং ফা জিয়ান জাহাজ তেল পরিবহনকারী ট্যাঙ্কার।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয়। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের জ্বালানি আমদানিতে প্রভাব পড়ে। ফলে বিপিসি বিকল্প উৎস থেকেও জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে মালয়েশিয়া, সিঙ্গাপুর ভারত থেকে জ্বালানী তেল আমদানি করছে সরকার।